দাওয়াতে দীনের কাজ অপরিহার্য কর্তব্য
মুসলিম মাত্রই একথা জানে যে, ইসলাম গোটা মানব জাতির জন্যে একমাত্র বিশ্বজনীন জীবনাদর্শ। আল্লাহ তা'আলা সমগ্র বিশ্বের প্রভু এবং মুসলিমদেরকে তাঁর প্রদত্ত জীবনাদর্শ গোটা মানব জাতির নিকট পৌছানোর দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু আফসোস। অধিকাংশ মুসলিম তাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সম্পর্কে উদাসীন। অথচ, আমরা ইসলামকে সর্বোত্তম জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করলেও যাদের কাছে ইসলামের আহ্বান পৌঁছেনি, তাদের নিকট সেই দাওয়াত পৌঁছানোর দায়িত্ব পালনে অনীহা প্রদর্শন করি।
আরবী 'দাওয়াহ' শব্দের অর্থ হলো ডাকা বা আহ্বান করা। ইসলামী পরিভাষায় দাওয়াহ বলতে- ইসলামের বিস্তারে প্রচার কাজে অংশ নেয়াকে বুঝায়।
মহিমান্বিত কুরআনের ২ নং সূরায় বলা হয়েছে,
ومن اظلم ممن كتم شهادة عنده من الله . وما اللهُ بِعاقِل عَمَّا تَعْلَمُونَ
'তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সাক্ষ্য রয়েছে এবং সে তা গোপন করে চলে? তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহ মোটেই গাফেল নন।' (সূরা আল বাকারা আয়াত ১৪০)
বিশটি অতি পরিচিত সাধারণ প্রশ্ন
ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য আলাপ-আলোচনা ও বিতর্ক অনুষ্ঠান একটি উত্তম মাধ্যম। আল-কুরআনের ১৬ নং সূরায় মহান আল্লাহ বলেন,
أدعُ إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن
হে নবী। প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সদুপদেশ সহকারে তে।মার রবের পথের দিকে দাওয়াত দাও এবং লোকদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পদ্ধতিতে। (সূরা আন নাহল আয়াত ১২৫)
একজন অমুসলিমের নিকট ইসলামের দাওয়াত উপস্থাপনকালে শুধু এর ইতিবাচক দিকগুলো তুলে ধরাই যথেষ্ট নয়। অধিকাংশ অমুসলিমেরই ইসলামের প্রতি আকৃষ্ট না হওয়ার কারণ হলো- তাদের মনে ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা রয়েছে এবং এর থেকে উৎসারিত কিছু উত্তরবিহীন প্রশ্নও রয়েছে।
তারা ইসলামের ইতিবাচক দিকগুলোর ব্যাপারে আপনার সাথে একমত পোষণ করলেও, পরক্ষণেই বলবে- হায়। তুমি তো সেই মুসলিম, যে একের অধিক মহিলাকে বিবাহ করতে পার। তুমি তো সেই লোক, যে পর্দার আড়ালে মেয়েদেরকে পরাভূত করে রাখ, তুমি মৌলবাদী ইত্যাদি।
আমি ব্যক্তিগতভাবে অমুসলিমদেরকে সামনাসামনি জিজ্ঞেস করাকে প্রাধান্য দেই। ভুল হোক আর শুদ্ধ হোক, উৎস যাই হোক না কেন, ইসলাম সম্পর্কে তাদের জ্ঞানটুকু ভুল। তাদেরকে আমি উন্মুক্ত ও খোলা মন নিয়ে সরাসরি প্রশ্ন করতে উৎসাহিত করি এবং এই আশ্বাস দেই যে, আমি ইসলামের ব্যাপারে তাদের সমালোচনা শুনতে প্রস্তুত।
যখন আপনি কোন একজন অমুসলিমকে জিজ্ঞেস করেন, 'আপনি ইসলামের মধ্যে কী কী ত্রুটি আছে বলে মনে করেন। তখন তিনি পাঁচটি কী ছয়টি প্রশ্ন উত্থাপন করবেন, যেগুলো সাধারণ ঐ বিশটি প্রচলিত প্রশ্নের অন্তর্ভুক্ত।
যুক্তিসঙ্গত জবাব অধিকাংশ লোককে আকৃষ্ট করে
ইসলাম সম্পর্কিত বিশটি প্রচলিত প্রশ্নের জবাব কারণ (reason) ও যুক্তির (logic) সাথে দিতে হবে। এই জবাবগুলোর মাধ্যমে অধিকাংশ অমুসলিম সন্তুষ্ট ও আকৃষ্ট হবে। একজন মুসলিম যদি এই প্রশ্নের উত্তর মুখস্থ বা স্মরণে রাখতে সক্ষম হন, তিনি অমুসলিমদেরকে ইসলামের সত্যতার প্রতি পুরোপুরি আকৃষ্ট করতে না পারলেও আল্লাহ চাইলে ইসলাম সম্পর্কে তাদের ভুল ধারণা দূর করতে সক্ষম হবেন। ইসলাম ও মুসলিম সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা চিন্তাকে নিরপেক্ষ করতে সক্ষম হবেন। সামান্য সংখ্যক অমুসলিম হয়তো সম্পূরক প্রশ্ন করতে পারেন, যেগুলোর জন্য আরো কিছু দলিলসহ উত্তরের প্রয়োজন হবে।
মিডিয়া ও প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি
বেশির ভাগ অমুসলিমের মনে ইসলাম সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হয়ে আছে, কারণ তারা প্রতিনিয়ত অপপ্রচার দ্বারা বিভ্রান্ত। আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলো প্রধানত পশ্চিমা বিশ্ব দ্বারা নিয়ন্ত্রিত, সেটি আন্তর্জাতিক উপগ্রহ নিয়ন্ত্রিত টিভি চ্যানেল, রেডিও, সংবাদপত্র, বই-ম্যাগাজিন যাই হোক না কেন। সম্প্রতি ইন্টারনেটও একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। যদিও এটি কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়, তবুও যে কেউ ইচ্ছা করলে তাতে ইসলামের অনেক বিষাক্ত অপপ্রচার দেখতে ও দেখাতে পারে।মুসলিমরা অবশ্য এই মাধ্যমটির দ্বারা ইসলাম ও মুসলমানদের সঠিক ভাবমূর্তি তুলে ধরছে, কিন্তু ইসলামের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের প্রচণ্ড ঝড়ের তুলনায় তারা অনেক পেছনে পড়ে আছে। আমি আশা করবো মুসলিমরা তাদের প্রচেষ্টাকে আরো জোরদার করবে এবং অব্যাহত রাখবে।
সময়ের সাথে সাথে ভ্রান্ত ধারণাও পরিবর্তন হচ্ছে
ইসলাম সম্পর্কে প্রচলিত প্রশ্নগুলো বিভিন্ন সময় ও বিভিন্ন যুগে বিভিন্ন রকম হয়। আলোচ্য বিশটি প্রশ্ন বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত। দশ বছর আগে প্রশ্নগুলোর ধরন অন্য রকম ছিল, আবার দশ বছর পরেও এর ধরন ভিন্ন হবে। প্রচার মাধ্যমে ইসলামকে কিভাবে তুলে ধরা হয়, তার উপর নির্ভর করে প্রশ্নের ধরন পরিবর্তিত হয়।
ইসলাম সম্পর্কে অধ্যয়নকারী অমুসলিমদের ভুল ধারণাসমূহ
বিশ্বে অনেক অমুসলিম রয়েছে যারা ইসলাম সম্পর্কে অধ্যয়ন করছেন। তাদের মধ্যে অধিকাংশই এমন সব বই পড়ছেন, যেগুলোতে ইসলামের সমালোচনা করা হয়েছে। এসব অমুসলিমদের ইসলাম সম্পর্কে আরো অতিরিক্ত বিশটি সাধারণ ভুল ধারণা রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, কুরআন বিজ্ঞানসম্মত নয় এবং এতে বৈপরিত্য রয়েছে, ইত্যাদি।
আমরা দাওয়াত অধ্যায়ে একে একে এই বিশটি প্রশ্নের ব্যাখ্যা জানার চেষ্টা করবো ইনশা-আল্লাহ
